লেটের কথা ::: বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর প্রাণে বেঁচে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসার পথে বানিয়াচংয়ের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসছিল। স্থানীয় পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের একেবারে পেছনে বসা শ্রাবণ সরকার ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণ সরকারের মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
নিহত শ্রাবণ সরকার (১৫) বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দর সরকারের ছোট ছেলে। শ্রাবন সরকার বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করতো বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়রা ভিড় করেন।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply