সিলেটের কথা ::: সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে একের পর এক অনুপ্রবেশ, অস্ত্র উদ্ধার ও চোরাচালানের ঘটনায় নিরাপত্তা নজরদারি জোরদারের মধ্যে বিস্ফোরক উদ্ধারের এ ঘটনা নতুন করে গুরুত্ব পেয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত বিশেষ প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খরমপুর এলাকায় বিশেষ অপারেশন দলের সদস্যরা বিস্ফোরক শনাক্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াডের কুকুর ‘মিকি’র সহায়তায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
সাম্প্রতিক সময়ে একই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে একাধিক অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। গত ১৭ নভেম্বর দুপুরে গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশের অভিযোগে এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। পরে সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১-এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।
এর আগে ১১ নভেম্বর জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। একই দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৪৮ ও ১৯ বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এদিকে, গত ৮ নভেম্বর গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের উপস্থিতিতে দলীয় সভার অভিযোগ ওঠে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় ২৬ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। রণজিত সরকার কীভাবে দেশে প্রবেশ করেছেন, তা নিয়ে ৪৮ বিজিবির অধিনায়ক এর আগে জানিয়েছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, এমন প্রমাণও তখন পাওয়া যায়নি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ১৩ জনকে আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করে ১৭ জনকে ফেরত পাঠানো হয়েছে।
তিনি জানান, সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথ চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা, ফ্লাডলাইট ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষিত ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবির নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply