সিলেটের কথা ::: সিলেট নগরীর যানজট নিরসন এবং হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন হকার নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। নগরবাসীর স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সিলেট নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply