সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হলে সেই নেতৃত্ব থেকে ইতিবাচক ফল পাওয়া যায়। বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃত্ব গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়েছে। তাই তারা ব্যবসায়ীদের কল্যাণে সফলভাবে কাজ করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।
সোমবার (১০ আগস্ট) রাতে বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করবেন—এটাই প্রত্যাশা।
তিনি বলেন, মদীনা মার্কেট সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানকার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। নগরীর ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করতে ব্যবসায়ী সমাজের সহযোগিতাও প্রয়োজন।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সিসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারপ্রধান তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সর্বস্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।
তিনি নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের আস্থা ও ভোটে নির্বাচিত হয়েছেন। তাই তাদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সিসিক প্রশাসক মদীনা মার্কেট এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপন এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে মদীনা মার্কেট এলাকায় জেব্রা ক্রসিং সহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির সভাপতি খলিলুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল। অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হোমায়দি।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরুল হাসান জাফরি। স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলীম উদ্দিন।
এ সময় বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, এডহক কমিটির যুগ্ম সদস্যসচিব উসমান গণি, সহকারী নির্বাচন কমিশনার সেলিম আহমদ শিবলু, আব্দুর রাজ্জাক রাজন, রুবেল বক্স ও আজিজ খান সজিব।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আমির হোসেন, সিনিয়র সহসভাপতি জুবের আহমদ, সহসভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ফারুক মিয়া, কাহার রহমান, বেলাল আহমদ, মানিক মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মাওলানা ইমরুল হাসান জাফরী, বশির আহমদ, আলাক আহমদ, হাবিবুর রহমান তালুকদার, ওমর আলী ও জামাল আহমদকে শপথবাক্য পাঠ করান অ্যাডভোকেট আলীম উদ্দিন।
Leave a Reply