সিলেটের কথা ::: মৌলভীবাজার সদর উপজেলায় কাটাগাং খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে ৩.৮ কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজ উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাসের রহমান।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান, বিএডিসির প্রধান প্রকৗশলী মো: বদরুল আলম সহ অন্যান্যরা।
দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকায় কাটাগাং খালটি অকার্যকর হয়ে পড়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই প্রকল্পের বহুমুখী সুফলের কথা তুলে ধরে বলেন, খালের নাব্যতা ফিরলে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট দূর হবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হওয়ায় ফসলের ক্ষতি কমবে। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
জলাশয় পুনঃখননের ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে।
সরকারের এই উদ্যোগ কেবল মাটি খনন নয়, এটি কৃষকের ভাগ্য পরিবর্তনের খনন। দেশব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ গ্রামীণ অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উল্লেখ্য, সোমবার দেশজুড়ে একযোগে নদী-নালা ও খাল খননের এই বৃহৎ কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে কাটাগাং খালের এই কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
Leave a Reply