সিলেটের কথা ::: সিলেটে অবস্থানরত সুনামগঞ্জবাসীর পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট, সিলেট’।
গত সোমবার (১০ আগস্ট) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সভায় সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা ও এলাকার বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক সংগঠক ও তরুণদের উপস্থিতিতে সংগঠনটির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো: দুলন মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে আলী রাজা রাজন এবং
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক মিয়া।
সভায় বক্তারা বলেন, সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।
তারা বলেন, সুনামগঞ্জের মানুষ কর্ম ও জীবিকার প্রয়োজনে সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন। নানা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই সুনামগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট, সিলেটের যাত্রা শুরু।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দল-মত, পেশা ও উপজেলা-ভিত্তিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সিলেটে অবস্থানরত সকল সুনামগঞ্জবাসীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে সংগঠনটি বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
মদিনা মার্কেটের ওই অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা ছাড়াও সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন এই সংগঠনের সফলতা কামনা করে সুনামগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
Leave a Reply