সিলেটের কথা ::: সাংবাদিকতায় একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও সম্পাদক শাহ সুহেল আহমদ বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় ক্লাবের অন্যান্য পদেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শাহ সুহেল আহমদ এর আগে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০১৬–১৭ সালে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন সিলেট প্রেসক্লাবের সদস্য ছিলেন। বর্তমানে তিনি ফ্রান্সের মূলধারার সাংবাদিক সংগঠন প্রেসক্লাব দ্যু ফ্রান্সের সদস্য। শতবর্ষের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এরও তিনি জীবন সদস্য।
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের টাকির মহল গ্রামে পিতা শাহ মো. এখলাছ আলী ও মাতা নূরুন নেছার ঘরে জন্মগ্রহণ করেন শাহ সুহেল আহমদ। ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। কবিতা দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করলেও পরবর্তীতে সাংবাদিকতা, প্রবন্ধ ও সাহিত্যচর্চায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
সাংবাদিকতায় তার ঝুলিতে রয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জিআইজেড আয়োজিত ‘দুর্নীতিবিরোধী বাংলাদেশ জার্নালিজম পুরস্কার-২০১৬’; পিআইবি ও সেভ দ্য চিলড্রেন-এর ‘শিশুপাতা এডিটরস অ্যাওয়ার্ড-২০১৫’; বিজিএমইএ ও বিজিএমইএ ইউনিভার্সিটি প্রদত্ত ‘বিজিএমইএ জার্নালিজম ফেলোশিপ-২০১৪’; ‘টোব্যাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৪’ এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)-এর ‘জার্নালিজম ফেলোশিপ-২০১৩’।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও রয়েছে তার স্বীকৃতি। ২০০৯ সালে প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক প্রবন্ধ সাহিত্যে তিনি ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার’ লাভ করেন।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে তাকে ঘিরে সিলেটে একাধিক সংবর্ধনা ও সুহৃদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে পরপর দুটি সাংবাদিকতা পুরস্কার অর্জনের পর দৈনিক সিলেট সুরমা ও সিফডিয়া তাকে নিয়ে অন্তরঙ্গ বৈঠক ও সংবর্ধনার আয়োজন করে। সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে সিলেটের আরেকটি প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সাইক্লোন তার সম্মানে আড়ম্বরপূর্ণ ‘সুহৃদ সম্মিলন’-এর আয়োজন করে। এতে সিলেটের প্রবীণ ও সিনিয়র কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা অংশ নিয়ে তার সাহিত্য ও সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রশংসা করেন।
বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের নতুন নেতৃত্বে শাহ সুহেল আহমদের সভাপতি নির্বাচিত হওয়াকে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন কমিটি ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মূলধারার ফরাসি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ আরও জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply