সিলেটের কথা ::: সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে এবং সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এই দেশ আমাদের সবার। বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হচ্ছে—দেশের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। আমরা একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচবে।
সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করছি। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোনো প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি সবসময় পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়েই নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও ডা. আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, সিলেট মহানগরের সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ জেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি এডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভূ ও সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানার সভাপতি বিরেশ দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মালাকারসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply